পান্না বালার জামিন ও রিমান্ড শুনানি ১৩ আগস্ট
স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার জামিন আবেদন ও রিমান্ডের শুনানি ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার তাঁর আইনজীবী এবং তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালত এই তারিখ ধার্য করেন।
পান্না বালার আইনজীবী উৎপল মুখার্জি জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রির কাছে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জিআরও কর্মকর্তার মাধ্যামে পান্না বালাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না হওয়ায় এবং মামলার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত ও সিডি পেশ না করায় আদালত ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন। বিচারক একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে মামলার সব তথ্য ও সিডি নিয়ে ওই দিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে সাংবাদিক পান্না বালার জামিনের আবেদন জানালে বিচারিক হাকিম সেটিও না শুনে ওই একই দিন শুনানির তারিখ ধার্য করেন।
গত শুক্রবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি অম্বিকা সড়কের নিজ বাসা থেকে পুলিশ পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জয়ন্তী সরকারের ভাই মনোজ সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় পান্না বালাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় পান্না বালার মা অঞ্জলী বালা ও তাঁর ছোট বোন তৃপ্তি বালাকেও আসামি করা হয়। মামলার পর পুলিশ পান্না বালাকে গ্রেপ্তার করে।