পাপ মোচনের আশায় অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

ভোর থেকেই নদীর ঘাটে জড়ো হন পুণ্যার্থীরা। মহাষ্টমীর তিথিতে পাপ মোচনের আশায় পুরোহিতের কাছ থেকে মন্ত্র পড়ে জলে ডুব দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসব হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্রের কয়েকটি ঘাটে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নামে। আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পুণ্যার্থীরা ভোর থেকেই এসব ঘাটে জড়ো হতে থাকেন। সকাল সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের কালীবাড়ি ঘাট, কাচারি ঘাট, জুবলি ঘাট ও থানা ঘাটে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা ব্রহ্মপুত্রের জলে পুণ্যস্নান করছেন। তাঁরা জানান, মন্ত্র পাঠ করে ব্রহ্মপুত্রের জলে স্নান করে অতীতের সব পাপ থেকে মুক্তি পাওয়ার বাসনা নিয়ে ভোর থেকে সপরিবারে ঘাটে এসে জড়ো হয়েছেন। প্রতিবছর তাঁরা এই দিনের অপেক্ষায় থাকেন বলে জানান। পূজা উদ্যাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শংকর সাহা বলেন, প্রতিবছরই বৃহত্তর ময়মনসিংহের কমপক্ষে ৫০ হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যস্নানে অংশ নিতে শহরের বিভিন্ন ঘাটে আসেন।
কিশোরগঞ্জ: হোসেনপুর উপজেলার খুরশিদমহল এলাকায় ব্রহ্মপুত্র নদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পুণ্যার্থী স্নানে অংশ নেন। এ উপলক্ষে উপজেলার কূলেশ্বরী মন্দির প্রাঙ্গণে বসে অষ্টমী মেলা। মেলাকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়ীরা অস্থায়ী দোকানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানের ঘাট ও মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক লিটন কুমার নন্দী বলেন, যেকোনো বছরের তুলনায় এ বছর অষ্টমী স্নানে পুণ্যার্থীদের সংখ্যা বেশি।
পীরগাছা (রংপুর): ঐতিহাসিক কান্দি মাসানকুঁড়া নদে পুণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নদের দুই পাড়সহ কান্দিবাজারে বারুণী মেলার আয়োজন করা হয়েছে। দোকানিরা বিভিন্ন রকমের খেলনা, মিষ্টি ও পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বেচাকেনা করছেন। পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুণ্যার্থীকে ছুরিকাঘাত: কুড়িগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অমল চন্দ্র বর্মণ নামে এক পুণ্যার্থী আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, অষ্টমী স্নানে অংশ নিতে গ্রামের কয়েকটি পরিবার রোববার বিকেলে চিলমারীতে আসে। রাতে তারা চিলমারী উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেয়। রোববার রাত ১০টার দিকে অমল প্রকৃতির ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে গেলে একদল ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চিলমারী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে গতকাল তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।