পাপলুকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার দাবি সিলেট ছাত্রদলের
সদ্যঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদে যুক্তরাজ্যপ্রবাসী ছাত্রদলের নেতা সিদ্দিকুর রহমান ওরফে পাপলুকে মনোনীত করায় সিলেটে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। তাঁরা পাপলুকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার সিলেটের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর পক্ষে-বিপক্ষে মিছিল হয়।সংগঠন সূত্র জানায়, গত শুক্রবার ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে পাপলুকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনোনীত করে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল সকালে সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ করে পাপলুকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ ছাড়া এমসি কলেজ ছাত্রদলের সদস্য নাসরুল ইসলাম ও সরকারি কলেজ ছাত্রদলের ফরহাদ আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পাপলুকে ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে শিগগির তাঁকে অপসারণের দাবি জানান। দুপুরে সিলেট মদনমোহন কলেজে পাপলুর পক্ষে আনন্দ মিছিল বের হলে ছাত্রদলের অন্য পক্ষ বাধা দেয়। এদিকে পাপলুকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে নগর ও জেলা শাখার ব্যানারে গতকাল বিকেলে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সালের পর থেকে পাপলু বিয়ে করে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এসে ছাত্রদলের রাজনীতিতে ‘সক্রিয়’ দেখানোর নামে কেন্দ্রকে প্রভাবিত করে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছেন। লিখিত বক্তৃতা পাঠ করেন নগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন। বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরী ও নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী। পাপলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মূল্যায়ন নেতারা নয়, সাধারণ কর্মী-সমর্থকেরা করবে। তাঁদের নিকট আমি দুঃসময়ের কান্ডারি। ওয়ান-ইলেভেনের সময় যখন তাঁরা (জেলা ও নগর নেতারা) পালিয়ে দেশের বাইরে ছিলেন। আমি সেই দুঃসময়ে পাশে ছিলাম।’