পাপিয়া মুক্তি না পেলে চাঁপাইনবাবগঞ্জ অচল করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংসদ আশিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে জেলা অচল করে দেওয়া হবে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। শহরের পাঠানপাড়ার পৌর বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। একই দাবিতে আজ ৭ আগস্ট জেলা সদরে ও ৯ আগস্ট জেলার সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ আশিফা আশরাফী পাপিয়াকে সাজানো ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আইনজীবীরা খালেদা জিয়াকে নিয়ে উচ্চ আদালতের বিচারপতির মন্তব্যের প্রতিবাদ করেছেন ঠিকই, কিন্তু তা আইনের দৃষ্টিতে মাত্রা ছাড়ায়নি। ২০০৬ সালে একই স্থানে আওয়ামী লীগের আইনজীবীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। পাপিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আবদুল মতিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।