পাবনা, নীলফামারী ও কুড়িগ্রামের ২০৫টি ইউপি নির্বাচনের তফসিল
পাবনার নয়টি উপজেলার ৭৩টি, নীলফামারীর ছয়টি উপজেলার ৬০টি, কুড়িগ্রামের নয়টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৩১ মে থেকে ৩ জুলাই পর্যন্ত এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: পাবনার নয়টি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে ৩১ মে থেকে ৩ জুলাই পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ মে বেড়ার নয়টি ইউনিয়নে, ৫ জুন ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নে, ৮ জুন ভাঙ্গুড়া, ১২ জুন চাটমোহর, ১৫ জুন আটঘরিয়া, ১৯ জুন সুজানগর, ২২ জুন সাঁথিয়া ও ২৬ জুন ঈশ্বরদী উপজেলার মোট ৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলার দোগাছি, ভাড়ারা, সাদুল্লাপুর, চর তারাপুর ও আতাইকুলা ইউনিয়নের নির্বাচন হবে ২৯ জুন। ৩ জুলাই সদর উপজেলার মালঞ্চি, মালিগাছা, গয়েশপুর, হেমায়েতপুর ও দাপুনিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।নীলফামারী: ৫ থেকে ২৯ জুন পর্যন্ত জেলার ছয়টি উপজেলার ৬০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেকেন্দার আলী ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জুন জেলা সদরের পঞ্চপুকুর, চাপড়াসরমজানী, টুপামারী, লক্ষ্মীচাপ, চওড়াবড়গাছা, গোড়গ্রাম, পলাশবাড়ী ও খোকসাবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ মে। সদরের বাকি সাতটি ইউনিয়নের নির্বাচন হবে ৯ জুন; মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মে। ডিমলার ১০ ইউনিয়নের নির্বাচন ১২ জুন; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। ডোমারের ১০টি ইউনিয়নের নির্বাচন ১৬ জুন; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ মে। কিশোরগঞ্জের নয়টি ইউনিয়নের নির্বাচন ১৯ জুন; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মে। ২৩ জুন জলঢাকার গোলনা, ধর্মপাল, শিমুলবাড়ী, মীরগঞ্জ, খুটামারা, কাঁঠালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মে। উপজেলার বাকি পাঁচটি ইউনিয়নের নির্বাচন ২৬ জুন; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে। সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নের নির্বাচন ২৯ জুন; মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুন।কুড়িগ্রাম: ২ থেকে ২১ জুন পর্যন্ত কুড়িগ্রামের নয়টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। গত রোববার এই ঘোষণা দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। ২ জুন রৌমারী এবং রাজীবপুর উপজেলার আটটি ইউনিয়ন, ২১ জুন ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়ন ও চিলমারীর ছয়টি ইউনিয়নে ৫ জুন নির্বাচন হবে। নাগেশ্বরীর ১৪টি ইউনিয়নে ১১ জুন, ফুলবাড়ীর ছয়টি ইউনিয়নে ১৪ জুন, রাজারহাটের সাতটি ইউনিয়ন এবং সদরের আটটি ইউনিয়নে ১৮ জুন, উলিপুরের ১৩টি ইউনিয়নে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।