পাবনা ও কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
পাবনা সদর ও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত শুক্রবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আবদুল মালেক (৩৫) ও মিরপুর উপজেলার আটিগ্রাম গ্রামের সাইদুল ইসলাম ওরফে সাঈদ (৩৮)।র্যাব ও পুলিশের ভাষ্যমতে, মালেক পাবনার চরমপন্থী সংগঠন ‘বাহিনী’র লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান এবং সাঈদ জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন।র্যাব-১২ পাবনা ক্যাম্প জানায়, সন্ত্রাসীরা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামে অস্ত্রসহ বৈঠক করছে—এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত একটার দিকে পাবনা ক্যাম্পের র্যাব সদস্যরা সেখানে অভিযানে যান। রাত আড়াইটার দিকে শরৎগঞ্জ একদন্ত সড়কে পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। ১৫ থেকে ২০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে। পরে র্যাব ঘটনাস্থল থেকে মালেকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।ঘটনাস্থল থেকে একটি করে রাইফেল, শাটারগান, চাপাতি ও চায়নিজ কুড়াল এবং ছয়টি গুলি উদ্ধার করা হয়। পরে লাশটি আতাইকুলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী জানান, মালেকের বিরুদ্ধে আতাইকুলা, আটঘরিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর থানায় ছয়টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।এদিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার র্যাব সদস্যরা জানতে পারেন, জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার সাঈদ সাত-আটজন সঙ্গী নিয়ে মিরপুরের আটিগ্রামের আবদুর রশীদের ইটভাটায় বৈঠক করছেন। এ খবরে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা। টের পেয়ে র্যাবের ওপর গুলি চালায় চরমপন্থীরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় এলাকাবাসী ও র্যাব সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। এলাকাবাসী লাশটি সাঈদের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, চায়নিজ রাইফেলের সাতটি গুলি ও একটি তরবারি উদ্ধার করে র্যাব।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সাঈদের বিরুদ্ধে দুটি হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।