পাবনা ও চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় নিহত ৩
পাবনার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। আজ রোববার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রুমা খাতুন (৩৫) ও মনিরুল ইসলাম (২৮)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়ায় যাত্রীবাহী ভটভটিতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় রুমা খাতুন নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা ঈশ্বরদী ইপিজেড কারখানার শ্রমিক। থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আজ সকাল সাতটার দিকে দ্রুতগামী বাসের ধাক্কায় ভটভটির চালকসহ দুজন নিহত ও ভটভটির এক যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ভটভটির চালকের নাম মনিরুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম রিমন হোসেন (২৫)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।