সিভিল সার্জন কার্যালয়ের অধীনে নিয়োগে অনিয়মের অভিযোগে পাবনা ও ঝিনাইদহে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে পাবনার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা করেন মো. মজিবর রহমান নামের এক মুক্তিযোদ্ধার সন্তান।এদিকে মঙ্গলবার আরেক মুক্তিযোদ্ধার সন্তান লিটু বিশ্বাস ঝিনাইদহের জ্যেষ্ঠ জজ আদালতে জেলা সিভিল সার্জন কেরামত আলীসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাগুলো নিয়ে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাবনা জ্যেষ্ঠ জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম মামলাটি গ্রহণ করে কেন এই নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানাতে ১৫ দিনের মধ্যে সিভিল সার্জন এম আশরাফুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিভিল সার্জন কার্যালয়, পাবনা জেনারেল হাসপাতাল এবং সুজানগর, ফরিদপুর ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭৪টি পদে লোক নিয়োগে দরখাস্ত আহ্বান করা হয়। নিয়োগ-কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক নুরুল ইসলামকে চেয়ারম্যান ও পাবনার সিভিল সার্জন কে এম আশরাফুজ্জামানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়।মামলায় বাদী অভিযোগ করেন, এই নিয়োগে যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন করা হয়নি। সিভিল সার্জন নিয়োগে অনিয়ম করেছেন। এই নিয়োগে ৩০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ থাকলেও তা মানা হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের বাদ দিয়ে এই কোটা পূরণ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কাছ থেকে সিভিল সার্জন প্রতিটি পদের মান অনুযায়ী এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। এ জন্য সব নিয়োগপত্রও তিনি নিজ হাতে লিখেছেন। তিনি আরও জানান, সিভিল সার্জন গত ৩০ সেপ্টেম্বর রাতে সব নিয়োগপত্রে স্বাক্ষর করেন। নিয়ম অনুযায়ী সরকারি ডাকে নিয়োগপত্র পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই তিনি তড়িঘড়ি করে উত্তীর্ণ প্রার্থীদের অফিসে ডেকে নিয়োগপত্র দেন। রোববার অফিস খোলামাত্রই নিয়োগ পাওয়া ব্যক্তিরা কাজে যোগদান করেন।এ ব্যাপারে জানতে সিভিল সার্জন এম আশরাফুজ্জামানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সহকারী সিভিল সার্জন দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়োগ কমিটিতে ছিলাম না। ফলে এসব বিষয়ে আমার কিছু জানা নেই।’নিয়োগ কমিটির সদস্য ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. সাইদুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী কোটায় নিয়ম অনুযায়ী চাকরি হয়েছে। অন্য পদগুলোতে নিয়োগ কমিটির সদস্য হিসেবে আমরা আলাদাভাবে মৌখিক পরীক্ষায় নম্বর দিয়েছি। সবার নম্বর যোগ করেই নিয়োগ দেওয়া হয়েছে।’ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের একাধিক আত্মীয়ের চাকরি পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’এদিকে ঝিনাইদহে বুধবার লিটু বিশ্বাসের করা মামলার শুনানি শেষে জ্যেষ্ঠ জজ আদালতের বিচারক বুশরা সাইয়িদা কেন এই নিয়োগ অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় আদালতের আদেশ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন কেরামত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।মামলা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে মোট ৪১টি পদে গত ৩০ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা কোটা অনুযায়ী এমএলএসএস পদে তিনজনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও কোটা অনুসরণ করা হয়নি। এ ছাড়া সার্বিক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ-বাণিজ্য হয়েছে।অন্য চাকরিপ্রার্থীরাও ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে ঝিনাইদহ সিভিল সার্জনের বাসায় হামলা, ভাঙচুর, মানববন্ধন, বিক্ষোভ, ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করছেন তাঁরা।