পাবনা ও ধুনটে চার ঘরে অগ্নিসংযোগ
পাবনা শহরের রাধানগর মহল্লায় একটি হত্যাকাণ্ডের জের ধরে তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জমির দখল নিতে ঘরে আগুন দেওয়াকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ।
দুটি জায়গায়ই ঘরে আগুন দেওয়ার এ ঘটনা ঘটেছে গত শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। ধুনটে ঘটনাকে কেন্দ্র করে পাঁচজন আহত হয়েছেন।
পাবনা শহরের রাধানগর মহল্লাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় আবুল বাশার (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এরপর শনিবার সন্ধ্যায় বাশারের প্রতিপক্ষ বকুল হোসেন, রান্টু হোসেন ও সাগর হোসেনের বাড়িতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পরিবার তিনটির সদস্যরা প্রাণভয়ে পালায়। খবর পেয়ে পাবনা সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বগুড়ার ধুনট থানার পুলিশ জানায়, উপজেলার মথুরাপুর মৌজার ২৫ শতক জমি নিয়ে কানুদাসগাতী গ্রামের জেল হোসেনের সঙ্গে বানিয়াগাতী গ্রামের সেজাব উদ্দিনের বিরোধ রয়েছে। সপ্তাহখানেক আগে সেজাব উদ্দিন ওই জমিতে একটি টিনের ঘর তোলেন। শনিবার বিকেলে জেল হোসেন আবার জমিতে প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় সেজাবের লোকজন বাধা দিলে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে পাঁচজন আহত হন। এ সময় সেজাব উদ্দিনের ঘরে অগ্নিসংযোগ করা হয়।
সেজাব উদ্দিন বলেন, জেল হোসেনের লোকজন তাঁদের মারধর ও ঘরে আগুন দিয়েছে। জেল হোসেন অভিযোগ করেন, ‘সেজাব উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম তাঁদের ঘরে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে।’