পাবনা ও নওগাঁয় ট্রাকচাপায় নিহত চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় গতকাল শনিবার ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। একই দিন নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের চাপায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পাবনা সদর থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সাঁথিয়া থেকে পাবনা সদরে যাচ্ছিল। সকাল ১০টার দিকে জালালপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নূরদহ গ্রামের সমর আলীর ছেলে ইমরান হোসেন (১৭) ও সদর উপজেলার নাজিরপুর গ্রামের ভাদু প্রামাণিক (৫০) নিহত হন। মহাদেবপুর থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ভটভটি মহাদেবপুর বাজারে যাচ্ছিল। সকাল আটটার দিকে হাটচকগৌরী মহেষপুকুরপাড় এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যানটিকে সামনে থেকে চাপা দিলে চালকসহ নয়জন যাত্রী গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে ধান ব্যবসায়ী তছলিম উদ্দিন ও ভটভটির চালক আবুল হোসেন মারা যান।