পাবনা ও নড়াইলে শীতার্তদের ৩৫০টি কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল পাবনার বেড়া উপজেলার চর এলাকার বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল পাবনার বেড়া উপজেলার চর এলাকার বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত মঙ্গলবার পাবনার দুর্গম চর ও নড়াইলে শীতার্ত ব্যক্তিদের হাতে ৩৫০টি কম্বল তুলে দেওয়া হয়েছে।

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ও মাশুমদিয়া ইউনিয়নের চারটি চরের ২৫০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। এগুলো সরবরাহ করেছে পাবনার রোগনির্ণয় ও পরামর্শকেন্দ্র কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার। আর এগুলো বিতরণে সহযোগিতা করেন পাবনা বন্ধুসভার সদস্যরা।

পাইকান্দি চরের বাসিন্দা ইউছুপ মৃধার বাড়ির উঠানে ও ঢালারচর ইউনিয়নের চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল পান মাশুমদিয়া ইউনিয়নের কাজিশরিফপুর, পাইকান্দি চর, ঢালারচর ও চর নতিবপুর গ্রামের শীতার্ত ব্যক্তিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ কুমার প্রমুখ।

কম্বল পেয়ে চর নতিবপুর গ্রামের মোল্লা পাড়ার মাজেদা খাতুন বলেন, ‘খুলা চরে শীত বেশি। আমাগের কষ্টের সীমা নাই। শিশু বাচ্চাডা শীতি মরতেছিল। কম্বলডা আমার বাচ্চাক বাচাবিনি।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এক্সিম ব্যাংকের সহযোগিতায় নড়াইলে গত মঙ্গলবার ১০০ দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চবিদ্যালয় চত্বরে বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে মুক্তিযোদ্ধা সাহেব আলী বলেন, প্রচণ্ড ঠান্ডা এখন, কম্বল পেয়ে অনেক উপকার হলো। প্রথম আলো এভাবে অসহায়দের সহায়তা করে।