পাবনা ও পটিয়ায় দুজনকে হত্যা
পাবনা শহরে গতকাল শনিবার দুর্বৃত্তরা মো. তাহিদ হোসেন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। একই দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আবুল বশর (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বজনেরা।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পাবনা শহরের পাথরতলার তাহিদ হোসেন গতকাল দুপুরে মোটরসাইকেল নিয়ে জেলাপাড়ায় যাচ্ছিলেন। এ সময় আট-দশজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম এনায়েত উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পটিয়া থানার পুলিশ ও নিহত আবুল বশরের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পটিয়ার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের আবুল বশরের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আবুল বশরের বোন ছকিনা খাতুনের ঘরের সামনে থেকে গতকাল সকালে রবিউল হোসেন, জহির আহমদ, আবদুস শুক্কুর, মাহবুবুল আলম ও মোতাহের আলম মাটি কেটে নেন। ছকিনা ও বশর তাঁদের বাধা দেন। এ সময় তাঁরা দুজনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এলাকাবাসী গুরুতর অবস্থায় বশরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর দেড়টার দিকে বশরের মৃত্যু হয়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।