পাবনা ও বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত
পাবনার চাটমোহর উপজেলায় গত শনিবার রাতে ট্রেনের ধাক্কায় আগস্টিন কুটি কস্তা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন ট্রেনের ধাক্কায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
আগস্টিনের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগস্টিন চাটমোহরের কাতুলী পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর ছোট ছেলে বিলাশ কস্তা ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে হিসাব বিভাগে চাকরি করেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। রাত একটায় চাটমোহর স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। রাত ১২টার দিকে ছাতা নিয়ে ছেলেকে পৌঁছে দিতে স্টেশনে যান অগাস্টিন।
রাত পৌনে একটার দিকে ছেলেকে নিয়ে কুটি কস্তা স্টেশনে পৌঁছান। ছেলেকে রেখে তিনি বাড়ির দিকে রওনা দেন। রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অগাস্টিন মারা যান।
এদিকে গতকাল রোববার সকালে সান্তাহারে রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বগুড়ার রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়া জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল কুমার জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহনন: এলাকার কয়েকজন ও উলিপুর থানা-পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের উলিপুরের তবকপুরপাইকপাড়া এলাকার রফিকুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী রমেচা বেগমের (৩০) মনোমালিন্য চলছিল। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বটেরতল এলাকায় তিস্তাগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রমেচা আত্নহত্যা করেন। রমেচা উপজেলার রসুলপুর (চুনিয়ারপাড়) এলাকার রহমত আলীর মেয়ে। এই দম্পতির দুটি ছেলে রয়েছে।