পাবনা ও বগুড়ায় দুই কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় প্রতিপক্ষের হামলায় আহত আলমগীর হোসেন (৪৮) নামের এক কৃষক গতকাল সোমবার মারা গেছেন। বগুড়ার ধুনটে সংঘর্ষে আহত টুকু প্রামানিক (৬০) নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
বেড়ার নতুন পেঁচাকোলা গ্রামের আলমগীর গত রোববার একটি বিরোধপূর্ণ জমিতে ধানের চারা তুলতে যান। এ সময় একই গ্রামের আমির হোসেন তাতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে আলমগীরকে আমির ও তাঁর লোকজন পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে গতকাল সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ধুনটের ফরিদপুর গ্রামের বাচ্চু ও সাচ্চু মিয়ার সঙ্গে একই গ্রামের দুদু ও টুকু প্রামানিকের জমি নিয়ে বিরোধ ছিল। ২২ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে টুকু ২৬ অক্টোবর বাড়ি আসেন। আবারও অসুস্থ হয়ে পড়লে গত রোববার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।