পাবনা ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চর-গোবিন্দপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে গতকাল শুক্রবার সকালে একটি মিনি ট্রাক উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে।
এদিকে বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় আবদুল মালেক (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনায় নিহত ব্যক্তিরা হলেন চালক গোপালগঞ্জের বিপ্লব হোসেন (২৭), চাঁদপুর জেলার গাঁজিবাড়ি গ্রামের আরিফ হোসেন (২৮) ও বরিশাল জেলার মুলাদী গ্রামের পারভেজ আলম (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাতটার দিকে ঘটনাস্থলে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশে একটি গাছে এটি ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদ হোসেন বলেন, মৃতদেহগুলো উদ্ধারের পর তাঁদের পোশাকের পকেটে থাকা মুঠোফোনের নাম্বার থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে ট্রাকটি কোথায় যাচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো ময়নাতদন্ত শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শেরপুরে ট্রাকের চাপায় নিহত আবদুল মালেক বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, বৃহস্পতিবার রাতে ওই পথচারী মহাসড়কের পাশে দিয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ সময় আহত অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির পরিবার লাশ নিয়ে বাড়ি চলে যায়।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশুতোষ মিত্র বলেন, এই দুর্ঘটনার খবর তাঁদের জানা নেই।