পাবনা ও সিরাজগঞ্জে আরও ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
পাবনার ফরিদপুর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় আরও ১১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার পাবনায় ছয়জন এবং সিরাজগঞ্জে পাঁচজন শনাক্ত হন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় গত চার দিনে ৩৬ ও পাবনায় ১১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলেন। পাবনা: আক্রান্ত রোগীরা হলেন, ফরিদপুর পৌরসভার রাউত নাগদাপাড়ার মো. বাচ্চু শেখ (৩০), জাকির হোসেন (৫৪), শাহিদা খাতুন (৪২), শহীদ আলী (৫০), মমতা খাতুন (২২) ও চম্পা বেগম (৫০)। ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান খ ম কামরুজ্জামান জানান, ২৪ মে রাউত নাগদাপাড়ার শহীদ আলীর একটি গরু অসুস্থ হলে জবাই করা হয়। যাঁরা গরুটির মাংস তৈরি ও পরিষ্কারের কাজে ছিলেন, তাঁদের শরীরে ক্ষত দেখা দেয়। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক দল চিকিৎসক গতকাল সকালে নাগদাপাড়ায় যায়। সেখানে ১০ জন ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষার পর ছয়জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হন। আক্রান্ত রোগীদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ফরিদপুর উপজেলায় বহু গরুর খামার রয়েছে। প্রতিটি গ্রামে অ্যানথ্রাক্সের টিকা দিয়েছি। প্রয়োজনে আক্রান্ত এলাকাগুলোয় আবার টিকা দেওয়া হবে।’ পাবনার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, অ্যানথ্রাক্স কোনো ছোঁয়াচে রোগ নয়। অসাবধানতাবশত কেউ আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক সপ্তাহের চিকিৎসায়ই রোগটি ভালো হয়ে যায়। সিরাজগঞ্জ: নতুন আক্রান্ত রোগীরা হলেন, শাহজাদপুরের সড়াতৈল গ্রামের আবদুল কাদের (২৮), বায়োজিদ (৭) ও রিমু (৪) এবং ব্রজবালা গ্রামের আছের আলী (৩২) ও উল্লাপাড়া উপজেলার সাতবিলা গ্রামের আয়শা বেগম (৬০)। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ১৩ মে সড়াতৈল গ্রামে অসুস্থ একটি গরু জবাই করা হয়। ওই গরুর মাংস বাড়িতে নাড়াচাড়া করার সময় ওই চারজন আক্রান্ত হন। এক সপ্তাহ আগে তাঁদের শরীরে রোগের লক্ষণ দেখা দিলে তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। পরিস্থিতির উন্নতি না হলে গতকাল তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় অ্যানথ্রাক্সের বিষয়টি ধরা পড়ে।২৬ মে উল্লাপাড়ার সাতবিলা গ্রামের বাসিন্দা শহিদ আলীর একটি অসুস্থ গরু জবাই করে মাংস ভাগাভাগি করা হয়। মাংস নাড়াচাড়া ও পরিষ্কার করায় বৃদ্ধা আয়শা বেগম অসুস্থ হন। গতকাল দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত হন। এদিকে, গতকাল ঢাকার মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে আউটব্রেক ইনভেস্টিগেটর চিকিৎসক অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে নয় সদস্যের একটি দল শাহজাদপুর ও উল্লাপাড়ায় অ্যানথ্রাক্সে আক্রান্ত এলাকা পরিদর্শন করে। অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী ও যাঁরা অসুস্থ গরুর মাংস খেয়েছেন, তাঁদের সবার রক্তের নমুনা সংগ্রহ করে পরিদর্শক দল। একই সঙ্গে আক্রান্ত হওয়ার তারিখ থেকে ২১ দিন আগ পর্যন্ত শারীরিক অবস্থার তথ্য লিপিবদ্ধ করা হয়। এগুলো আইইডিসিআর নিয়ে পরীক্ষা করা হবে বলে দলের প্রধান জানিয়েছেন। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, আক্রান্ত এলাকায় অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছে। আর কোনো গবাদিপশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৩৬ জনকে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা আক্রান্ত এলাকায় যাচ্ছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে, সিরাজগঞ্জ স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ থেকে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বাড়াতে সব উপজেলায় প্রচারপত্র বিতরণ ও মাইকিং শুরু হয়েছে।