পাবনা ও সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসশ্রমিকদের মারধর, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে পাবনা–সিরাজগঞ্জ–ঢাকা রুটোর ধর্মঘটও প্রত্যাহারের ঘোষণা দেন উল্লাপাড়া মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা।
গতকাল বুধবার বিকেলে পাবনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মোটর শ্রমিকনেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এর ফলে বিকেল থেকে পাবনায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বৈঠক শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন খান বলেন, ‘আলোচনার জন্য বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মালিক-শ্রমিকনেতাদের পাবনায় আসার কথা ছিল, কিন্তু তাঁরা আসেননি। সারা দিন প্রতীক্ষার পর পাবনা জেলা প্রশাসন স্থানীয় মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আর হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হলে পাবনার মালিক-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বিকেল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মো. মনিরুজ্জমান বলেন, উল্লাপাড়ার মালিক-শ্রমিকেরা সশরীরে পাবনায় না এলেও আর কোনো ঝামেলা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে তাঁরা মিলেমিশে কাজ করারও ঘোষণা দিয়েছেন। তাঁদের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সমস্যাটির সমাধান হলো বলে জানান তিনি।
প্রসঙ্গত, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনার বাসশ্রমিকদের মারধর, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে গত সোমবার রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে। এতে জেলা মোটর মালিক গ্রুপ একাত্মতা প্রকাশ করে। এর ফলে মঙ্গলবার ভোর থেকে পাবনার সঙ্গে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গল ও বুধবার প্রথম আলোতে দুটি সংবাদ প্রকাশ হয়েছে।
এিদকে চার দিন বন্ধ থাকার পর গতকাল থেকে পাবনা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে মোটর শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লাপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান আলী সরকার বলেন, ‘গতকাল শ্রমিক ধর্মঘটের বিষয়টি নিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দিন ধার্য করা হয়েছিল। আমাদের স্থানীয় সাংসদ তানভীর ইমাম এ বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাঁর নির্দেশ মোতাবেক আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। সিদ্ধান্তের কথা পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। যে কারণে আমরা আলোচনার জন্য পাবনায় যাইনি। এখন থেকে পাবনা থেকে উল্লাপাড়া হয়ে চলাচলকারী কোনো বাসকে বাধা দেওয়া হবে না।’
উল্লেখ্য, বাসের শ্রমিকদের মারধর করার প্রতিবাদে উল্লাপাড়া ও পাবনা জেলার মোটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জের ধরে গত রোববার থেকে এই রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল।