পাবনা কারাগারে কয়েদির মৃত্যু
পাবনা কারাগারে গত মঙ্গলবার সন্ধ্যায় তোফাজ্জল হোসেন (৪৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লায়। কারা কর্তৃপক্ষের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাস আগে ভ্রাম্যমাণ আদালত তোফাজ্জল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই থেকে তিনি পাবনা জেলা কারাগারে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা হচ্ছে বলে জানান। এর পরপরই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে পাবনা কারা হাসপাতালের চিকিৎসক আবু জাফর প্রথম আলোকে বলেন, মাদক সেবনের কারণে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হূদেরাগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার সকালে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।