শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাদের ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাবনা চিনিকলের এক কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার থেকে ঘটনাটির তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি।
পাবনা চিনিকল সূত্রে জানা গেছে, শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাদের মূল বেতন থেকে ১০ শতাংশ টাকা ভবিষ্য তহবিলের জন্য নিজ নামে জমা রাখা হয়। তাঁরা প্রয়োজনে ওই তহবিল থেকে ঋণ নিয়ে থাকেন। সম্প্রতি মিলের অর্থ শাখা ভবিষ্য তহবিল থেকে শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাদের ঋণের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় হিসাবে গরমিল খুঁজে পায়। মিলের মহাব্যবস্থাপক (অর্থ) জামাল উদ্দিনকে বিষয়টি জানানো হয়। তিনি পদক্ষেপ না নেওয়ায় পরে অর্থ শাখার কর্মচারীরা বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তোফাজ্জল হোসেনকে জানান। এমডি তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করে তা যাচাই-বাছাই করেন। তখন অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। তাঁরা অর্থ আত্মসাতের সঙ্গে মিলের অর্থ শাখার কর্মচারী আফতাব আলীর যোগসূত্র খুঁজে পান। এর পরিপ্রেক্ষিতে এমডির নির্দেশে ১২ এপ্রিল থেকে আফতাবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত করার পর এমডি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি গতকাল থেকে তদন্ত শুরু করে।
বিষয়টি জানতে মুঠোফোনে আফতাবের সঙ্গে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এমডি তোফাজ্জল বলেন, অভিযুক্ত আফতাব ১০-১২ বছর ধরে অর্থ শাখায় ভবিষ্য তহবিলের ঋণ বরাদ্দের কাজের সঙ্গে যুক্ত। ঋণ প্রদানের সময় যে টাকা দেওয়া হয়েছে, কর্মকর্তা-শ্রমিক-কর্মচারীদের আফতাব কৌশলে কাগজ-কলমে তা বেশি দেখিয়েছেন। বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে টাকা আত্মসাতের সঙ্গে আফতাবের জড়িত থাকার প্রমাণ মেলে। এ পর্যন্ত তিন লাখ টাকা আত্মসাতের বিষয়টি উঠে এসেছে। বরখাস্তের পর থেকে তাঁকে মিলে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ। মিলের পক্ষ থেকে পাবনার আটঘরিয়ায় আফতাবের বাড়িতে খোঁজ নিতে গেলে তাঁর পরিবারের সদস্যরা বলেন, আফতাব এলাকার বাইরে আছেন, কবে আসবেন তাঁরা তা জানেন না।