পাবনা চিনিকলের সাবেক কর্মচারীর মৃত্যু, বিক্ষোভ
পাবনা চিনিকলের সাবেক এক কর্মচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, বকেয়া অর্থ না পেয়ে শোকে তিনি মারা গেছেন। এ ঘটনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ করেছেন কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।
কয়েকজন শ্রমিক-কর্মচারী বলেন, চিনিকলের কর্মচারী নুরুল ইসলাম চাকরি থেকে অবসর নিলেও প্রায় এক বছর ধরে তাঁর অবসরকালীন টাকা কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে আটকে রাখে। গত সোমবার নুরুল ইসলাম কারখানার কার্যালয়ে পাওনা টাকার জন্য দিনভর অপেক্ষা করে না পেয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসেন। একপর্যায়ে পাওনা টাকার শোকে তিনি চিনিকলের প্রধান ফটকের বাইরে অচেতন হয়ে পড়েন। এ সময় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান। এ ঘটনা জানাজানি হলে পরদিন মঙ্গলবার সকালে চিনিকলের কয়েক শ শ্রমিক-কর্মচারী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঘটনার জন্য কারখানার এমডি কমল কান্তি সরকারকে দায়ী করে তাঁর কক্ষ ঘেরাও করেন এবং তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় কর্মচারী (বিল শাখার প্রধান সময়রক্ষক) ইব্রাহিম হোসেন এমডির কক্ষে প্রবেশ করলে সেখানে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা তাঁকে মারধর করে বের দেন এবং এমডিকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ বন্ধ থাকে।
ইব্রাহিম হোসেন বলেন, ‘আমরা নুরুল ইসলামকে বলেছিলাম একজন চিনির ক্রেতা সংগ্রহ করতে। কিন্তু ক্রেতা সংগ্রহ করতে না পারায় বর্তমানে তাঁর সাড়ে পাঁচ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। তবে টাকা দেওয়ার দায়িত্ব এমডির।’
কমল কান্তি সরকার বলেন, কারখানায় বর্তমানে অর্থসংকট রয়েছে। ফলে নুরুল ইসলামকে তাঁর পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি।
এদিকে মিলের শ্রমিক-কর্মচারীরা গতকাল বুধবার দুপুরে বলেন, কারখানার কতিপয় কর্মকর্তা-কর্মচারী তাদের পছন্দের লোকজনের বকেয়া অর্থ পরিশোধ করছেন। কিন্তু নুরুল ইসলাম টাকার জন্য এক বছর ধরে কারখানায় ধরনা দিলেও তাঁর পাওনা পরিশোধ করা হয়নি। ফলে পাওনা টাকার শোকে তিনি মারা গেছেন।