পাবনা চিনিকলের ৮০০ কর্মীর ঈদ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর পাবনা চিনি কল। প্রথম আলো ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীর পাবনা চিনি কল। প্রথম আলো ফাইল ছবি

১৮ কোটি টাকার বেশি চিনি অবিক্রীত থাকার অজুহাতে ঈশ্বরদীর পাবনা চিনিকলের ৮০০ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঈদের আগে বেতন পাচ্ছেন না। ঈদ বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও মিল কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণ দেখিয়ে জুলাই ও আগস্ট মাসের বেতন দিতে অপারগতা প্রকাশ করেছে।

পাবনা চিনিকলের কয়েকজন শ্রমিক-কর্মচারী জানান, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের সরকারি নির্দেশনা থাকলেও মিল কর্তৃপক্ষ এবার জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। আগস্ট মাসও ফুরিয়ে এসেছে। ঈদ উৎসবের আগে আগস্ট মাসের বেতনও পরিশোধ করার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষ জুলাই ও আগস্ট মাসের বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে কীভাবে ঈদ করবেন, তা নিয়ে শঙ্কিত।

বাংলাদেশ চিনিকল ফেডারেশন ও পাবনা চিনিকল ওয়ার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল সরদার প্রথম আলোকে বলেন, বেতন না পাওয়ায় সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন চিনিকলের সাধারণ শ্রমিক-কর্মচারীরা। বেতনের ওপর নির্ভর করে তাঁদের সংসার চলে। কিন্তু ঈদের আগে বেতন পরিশোধ করা হচ্ছে না জেনে শ্রমিক-কর্মচারীরা হতাশ। এ পরিস্থিতিতে ওয়ার্কস ইউনিয়নের সঙ্গে মিল কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা করার পরও বেতনের কোনো আশ্বাস মিলছে না।

বর্তমানে মিলের গুদামে ৩০৩৯ দশমিক ২৫ মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে। প্রথম আলো ফাইল ছবি
বর্তমানে মিলের গুদামে ৩০৩৯ দশমিক ২৫ মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে। প্রথম আলো ফাইল ছবি

পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এ মিলে ৮০০ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা রয়েছেন। চিনি বিক্রির টাকা থেকে সাধারণত বেতন পরিশোধ করা হয়। মিলে উৎপাদিত চিনির দাম কম হলেও বাজারে ক্রেতারা তা কিনতে চান না। আমদানি করা সাদা চিনির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এতে মিলে উৎপাদিত চিনি বিক্রি হচ্ছে না।

বর্তমানে মিলের গুদামে ৩০৩৯ দশমিক ২৫ মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে উল্লেখ করে তোফাজ্জল হোসেন বলেন, অবিক্রীত এই চিনির মূল্য ১৮ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা। চিনি বিক্রি হলে বেতন পরিশোধে সমস্যা হতো না। এ কারণে জুলাই মাসের বেতন পরিশোধ হয়নি। আগস্ট মাসের বেতনও দেওয়া যাচ্ছে না। প্রতিদিন শ্রমিক-কর্মচারীরা তাঁর কাছে এসে বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। কিন্তু চিনি বিক্রি না হওয়ায় তাদের জুলাই ও আগস্ট মাসের দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।