পাবনা জেনারেল হাসপাতালে কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেনারেল হাসপাতালে স্টুডেন্ট নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রায় দুই ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান বন্ধ থাকে। এ সময় এক রোগী আধা ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পাওয়ায় তাঁকে রাজশাহীর উদ্দেশে নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল পাবনা জেনারেল হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো
পাবনা জেনারেল হাসপাতালে স্টুডেন্ট নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রায় দুই ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান বন্ধ থাকে। এ সময় এক রোগী আধা ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পাওয়ায় তাঁকে রাজশাহীর উদ্দেশে নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল পাবনা জেনারেল হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো

পাবনা জেনারেল হাসপাতালে গতকাল মঙ্গলবার শিক্ষানবিশ নার্সদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই ঘণ্টা হাসপাতালে কর্মবিরতি চলায় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় হাসপাতালে ভর্তি হতে না পেরে এক রোগীর মৃত্যু ও কিছু রোগী অন্য হাসপাতালে চলে যায়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি সভা করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন ধরে পাবনা জেনারেল হাসপাতালে পাবনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউিট, পাবনা নার্সিং ইনস্টিটিউট, ম্যাটসসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষানবিশ নার্সরাও দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ চিকিৎসকেরা হাসপাতালে এলেও তেমন নজরদারি করেন না। ফলে মাঝেমধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের একটি দল হাসপাতালের মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করছিল। এ সময় শিক্ষানবিশ দুই নার্স তাঁদের কক্ষে বসে হাসাহাসি করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে ইন্টার্নরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে ওই দুই নার্স ইন্টার্নদের সঙ্গে পরিদর্শনে যেতে চাইলে তাঁরা রাজি হন না। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। প্রায় ২০ মিনিট দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কোনো পক্ষই রোগীদের খোঁজ নেয় না। এ সময় কিছু রোগী হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যায়। মুর্মূষু অবস্থায় এক রোগীকে হাসপাতালে আনা হলে তিনি চিকিৎসা না পেয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান।

হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় শহরের নাজমা পারভীন নামে এক রোগী বলেন, হাসপাতালে চিকিৎসার কোনো পরিবেশ নেই। ছোট ছোট ডাক্তার–নার্সরা কারও কথা শোনেন না। তাই তিনি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।

জানতে চাইলে পাবনা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, শিক্ষানবিশ নার্সরা হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম করেন। কিছু বলতে গেলেই তাঁরা ইন্টার্নদের ওপর চড়াও হন। স্থানীয় লোকজন নিয়ে এসে হুমকি–ধমকি দেন। নার্সরা তুচ্ছ কারণে বাইরের লোক নিয়ে এসে ইন্টার্নদের ওপর হামলা চালিয়েছেন।

তবে পাবনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা আমাদের মারপিট করেন। প্রতিবাদ করলে তাঁরা আমাদের ওপর হামলা চালান। আমরা এর প্রতিকার চাই।’

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মঞ্জুরা রহমান বলেন, দুই পক্ষের ভুল–বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জ্যেষ্ঠ চিকিৎসক শফিকুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছিল। পরে হাসপাতালের পরিচালক এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’