পাবনা জেলা প্রশাসন ই-নথি ব্যবস্থাপনায় দেশসেরা
নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানে আবেদন, জমিজমা, কৃষি, প্রশাসনিক কাজসহ সব ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সেবা প্রদানে (ই-নথি ব্যবস্থাপনা) পাবনা জেলা প্রশাসন দেশে ৬৪ জেলার মধ্যে সেরা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মূল্যায়নে চলতি সপ্তাহে পাবনা জেলা প্রশাসন এই মূল্যায়ন পায়।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, আগে কাগজে দরখাস্তের মাধ্যমে জেলা প্রশাসন নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা দিত। এতে নথি পেতে বেশ সময় লাগত। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ফাইলের স্তূপ জমত। নাগরিকেরা হয়রানিরে শিকার হতেন। ২০১৬ সালের আগস্ট মাস থেকে পাবনা জেলা প্রশাসন সব দপ্তরে ই-ফাইলিং কার্যক্রম শুরু করে। এই কর্মসূচির আওতায় জেলাবাসী বিভিন্ন নাগরিক আবেদন, জমিজমা-সংক্রান্ত তথ্য, কৃষি তথ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম শুরু করেন। ইন্টারনেটের মাধ্যমে তাঁরা ঘরে বসে আবেদন করতে পারেন। একই সঙ্গে ঘরে বসেই নিজের প্রয়োজনীয় তথ্য পেয়ে যান। ফলে আগের মতো আর হয়রানির শিকার হতে হয় না।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. মাহবুব হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে ই-ফাইলিং উল্লেখযোগ্য। এই প্রকল্পে সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হচ্ছে। ই-ফাইলিংয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প সারা দেশে এই কার্যক্রমটি তদারকি ও মূল্যায়ন করে। এটুআইয়ের পর্যবেক্ষণে সেবার মান ও পরিমাণ বিবেচনায় প্রতি সপ্তাহে একটি করে জেলা প্রশাসনকে সেরা ঘোষণা করা হয়। আগে পাবনা জেলা প্রশাসন এই স্থান পায়নি। দীর্ঘ প্রচেষ্টা ও শ্রমে এবার প্রথম পাবনা জেলা প্রশাসন এই সেরার মান অর্জন করেছে।
এ প্রসঙ্গে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো পুরস্কার কিংবা স্বীকৃতির জন্য কাজ করিনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে, কম খরচে ও হয়রানি ছাড়াই সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছি। এতে একদিকে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, অন্যদিকে স্বীকৃতি মিলেছে। আমরা এই স্বীকৃতির ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’
প্রসঙ্গত, ফেসবুকের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী বিভাগীয় পর্যায়ে তিনবার প্রথম এবং ৬৪ জেলার মধ্যে একবার প্রথম স্থান অর্জন করেছে। এবার ই-নথি সেবায় প্রথম হলো।