কমিটি নিয়ে বিভক্ত পাবনা জেলা বিএনপির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ পাবনায় ১৮ দলীয় জোটের বৈঠক করেছেন। বৈঠকে বিদ্রোহী অংশের (পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি) নেতা-কর্মীদের ডাকা হয়নি। এতে তাঁরা চরম ক্ষুব্ধ।অপর দিকে, দলের বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা শহরে অবিস্থত দলীয় প্রধান কার্যালয় দখলে নিয়েছেন। এতে দলের অপর অংশের নেতা-কর্মীরা তিন মাস ধরে কার্যালয়ে যেতে পারছেন না। তাঁরা খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের বাড়ি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। ফলে এ অংশের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।দলের দুই অংশের নেতা-কর্মীরা শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। গত কয়েক দিনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বড় কোনো ঘটনা ঘটার আশঙ্কা করছেন দলের প্রবীণ নেতারা।এদিকে গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী অংশের সমর্থকেরা সংবাদ সমেঞ্চলন করে জেলা বিএনপি, জেলা ছাত্রদলসহ সব অঙ্গ-সংগঠনের কমিটি বাতিলের দাবি জানিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে তারা ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণজমায়েত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান এবং প্রতীকী গণ-অনশন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি থেকে বাদ পড়েন কিছু নেতা-কর্মী। এতে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপি; তৈরি হয় বিদ্রোহী অংশ। এক অংশের নেতৃত্ব থাকেন হাবিবুর রহমান, অপর অংশে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান। বিরোধ নিষ্পত্তি না করে চলতি বছরের ২২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ১৭১ সদস্যবিশিষ্ট পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।নবগঠিত কমিটিতে কে এস মাহমুদকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাহমুদুন্নবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ কমিটি থেকে বিদ্রোহী অংশের নেতা কামরুল হাসানসহ বেশ কয়েকজন বাদ পড়েন। এতে বিদ্রোহী অংশ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ২৬ এপ্রিল বিদ্রোহী অংশ নবগঠিত কমিটি প্রত্যাখান করে ‘পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি’ নামে অপর একটি কমিটি ঘোষণা করে। এ কমিটির সভাপতি হন সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হন সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। এর পর থেকে পৃথকভাবে চলতে থাকে দলের দুই অংশের কর্মকাণ্ড।বিদ্রোহী অংশের নেতা ও জেলা বিএনপির সর্বশেষ বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক ফেরদৌস মঞ্জু বলেন, ‘আমরা পদে পদে বঞ্চিত হচ্ছি। কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ পাবনায় এসে আমাদের সঙ্গে দেখা করেননি। আগামী ৩ অক্টোবর ঢাকায় দলীয় চেয়ারপারসনের সঙ্গে পাবনার নেতা-কর্মীদের বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানেও আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’হাবিবুর রহমান দাবি করেন, পাবনা জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তিনি বলেন, ‘দলীয় কার্যালয় বাইরের কেউ দখল করেনি। আমাদেরই কিছু লোকজন সেখানে বসছে। হয়তো কোনো কারণে তারা একটু অভিমান করে আছে। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সেখানে যাচ্ছি না।’ বিদ্রোহী নামে যাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাঁরা বিএনপি থেকে বহিষ্কৃত বলে মন্তব্য করেন ওই নেতা।