পাবনা টেক্সটাইল কলেজে শিক্ষক অবরুদ্ধ, ছুটি ঘোষণা
সুযোগ-সুবিধা না বাড়িয়ে সেশন ফি বৃদ্ধি ও প্রয়োজনীয় বিষয় চালু না করার প্রতিবাদে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে শিক্ষকদের কক্ষে তালা দিয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ করে কলেজ ১০ দিনের জন্য ছুটির ঘোষণা করেছে।শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা যায়, গত বছর সেশন ফি ছিল এক হাজার ৬২০ টাকা। এবার তা চার হাজার ৭০ টাকা করা করেছে। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ইন্টারনেট ফি ৫০০ টাকা, নবীনবরণ ফি ২০০ টাকা, স্কাউট ফি ৮০ টাকা, পরিচ্ছন্নতা ফি ২০০ টাকা ও বিবিধ খরচ বাবদ ২০০ টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে কোনো প্রকার ইন্টারনেট-সুবিধা না দিয়ে ইন্টারনেট ফি, সরকারিভাবে নবীনবরণের খরচ দেওয়া সত্ত্বেও এ খাতে ফি নির্ধারণ, ম্যাগাজিন প্রকাশ না করে ম্যাগাজিন ফি, স্কাউট দল না থেকেও স্কাউট ফি ও খেলার মাঠে অধ্যক্ষ গরুর খামার করায় খেলাধুলার সুযোগ না দিয়েও ক্রীড়া ফি যোগ করা হয়েছে। অধ্যক্ষসহ অধিকাংশ শিক্ষক বিভিন্ন বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করায় এ কলেজে সঠিকভাবে সময় দেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একাধিক ছাত্রছাত্রী জানান, গত এক সপ্তাহ ধরে সেশন ফি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও শিক্ষকেরা রাজি হননি। ফলে বুধবার সকালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল ক্যাম্পাসে গিয়ে তালা ভেঙে শিক্ষকদের উদ্ধার করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী বলেন, শিক্ষার মানোন্নয়নে ফি বৃদ্ধি করা হয়েছে। অধ্যক্ষ ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।