পাবনা-ঢাকা পথে সরাসরি বাস চলাচল আবারও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা ও শাহজাদপুর পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের কারণে পাবনা থেকে ঢাকার মধ্যে সরাসরি বাস চলাচল পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। পাবনা থেকে ঢাকার মধ্যে বাস চলাচল শাহজাদপুর হয়ে সহজ হলেও এ রুটের বাসগুলো এখন চলছে ৫০ থেকে ৮০ কিলোমিটার অতিরিক্ত ঘুরে নাটোরের বনপাড়া হয়ে।

এ ছাড়া শাহজাদপুর থেকে বেড়া ও পাবনা হয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে এবং পাবনা থেকে শাহজাদপুর হয়ে বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ প্রভৃতি স্থানে চলাচলকারী অর্ধশতাধিক যাত্রীবাহী বাসের চলাচলও বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

পাবনা ও শাহজাদপুর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা জানান, শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সাব্বির পরিবহনের বাস প্রতিদিন শাহজাদপুর ও রাজশাহী চলাচল করে। বাসটির চলাচলের সময়কে কেন্দ্র করে পাবনা ও শাহজাদপুর মোটর মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ১১ মে সকালে পাবনা বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন সাব্বির পরিবহন ও শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন ড্রিমল্যান্ড পরিবহনের শ্রমিকদের মারধর করে। খবর পেয়ে বেলা ১১টার দিকে শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অবস্থান নিয়ে পাবনা মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন পাবনা ও ঢাকার মধ্যে চলাচলকারী বাস বন্ধ করে দেন। এ ছাড়া তাঁরা পাবনা মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন চার-পাঁচটি বাসের শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে শাহজাদপুর হয়ে পাবনা মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সব যাত্রীবাহী বাস বেড়া ও পাবনা হয়ে শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার থেকে গতকাল রোববার পর্যন্ত পাঁচ দিন ধরে পাবনা ও শাহজাদপুরে বাস চলাচল বন্ধ রয়েছে।

পাবনা ও বেড়া থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আলহামরা পরিবহনের মালিক মোমিতুল চৌধুরী বলেন, ‘স্বাভাবিক অবস্থায় প্রতিদিন আমাদের সব মিলিয়ে পাবনা ও ঢাকার মধ্যে ১২টি ট্রিপ হয়। এখন হচ্ছে মাত্র চারটি।’

গতকাল বেড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বেড়া থেকে যাত্রী নিয়ে পাবনা এক্সপ্রেসের একটি বাস উল্টো পথে অর্থাৎ পাবনা হয়ে ঢাকা যাচ্ছে। অথচ এই বাসটির পাবনা থেকে বেড়া হয়েই ঢাকা যাওয়ার কথা। বাসের যাত্রী সাঁথিয়া উপজেলার আবদুর রাজ্জাক ক্ষোভ নিয়ে বলেন, ‘ওদের দ্বন্দ্বের মাশুল দিচ্ছি আমরা। আড়াই থেকে তিন ঘণ্টা অতিরিক্ত ভ্রমণে আমাদের কতটা দুর্ভোগ হচ্ছে, ওরা কি বুঝতে পারছে না?’

পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, যে বাসটির চলাচলের সময়কে কেন্দ্র দুই মোটর মালিক সমিতির দ্বন্দ্ব তা নিরসন হয়েছে। কিন্তু শ্রমিকদের মারধর করার বিষয়টি সমাধান হয়নি।

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, পাবনার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন প্রায়ই আমাদের শ্রমিকদের মারধর করে যাচ্ছে। বিষয়টির বিচার না হওয়া পর্যন্ত অচলাবস্থা কাটবে না।