পাবনা-ঢাকা ১১ দিন পর বাস চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দিন পর গতকাল শনিবার বিকেল থেকে ঢাকা ও পাবনার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে পাবনা থেকে শাহজাদপুর হয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এবং শাহজাদপুর থেকে পাবনা হয়ে খুলনা, যশোরসহ বিভিন্ন সড়কে বাস চলাচলও শুরু হয়েছে।
গতকাল বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া কার্যালয়ে শ্রমিকনেতাদের বৈঠক শেষে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. রইজউদ্দিন বলেন, ‘বৈঠকে বসে ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে বাস চলাচল আগের মতো স্বাভাবিকভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক আজ (গতকাল) বিকেল সাড়ে চারটা থেকে সব ধরনের বাস আগের মতো চলাচল শুরু হয়েছে।’
১২ জানুয়ারি পাবনা ও শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন দুটি বাসের শ্রমিকদের মধ্যে পাবনা বাইপাস মোড়ে হাতাহাতি হয়। এরই জের ধরে ওই দিন রাতে শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা পাবনা মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন পাবনা ও ঢাকার মধ্যে চলাচলকারী ১৫ থেকে ২০টি বাসকে বাধা দেন ও বাসগুলোর শ্রমিকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর ১৩ জানুয়ারি থেকে শাহজাদপুর হয়ে পাবনা মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সব যাত্রীবাহী বাস এবং বেড়া ও পাবনা হয়ে শাহজাদপুর মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।