পাবনা পৌরসভার পানিতে ব্যাকটেরিয়া
পাইপলাইন ফেটে পয়োনিষ্কাশন নালার পানি ঢুকে পড়ছে খাওয়ার পানিতে। দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে লৌহ শোধনের একমাত্র যন্ত্রটি। এ কারণে পাবনা পৌরসভার সরবরাহ করা পানিতে ব্যাকটেরিয়া ও লৌহের মাত্রা বাড়ছে। দেখা দিচ্ছে ডায়রিয়া, পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগ। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে আছে পাবনা পৌরসভার বাসিন্দারা।পৌরসভার পানি সরবরাহ বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভায় প্রায় দেড় লাখ মানুষের বাস। এর মধ্যে সাত হাজার সংযোগের মাধ্যমে প্রায় ৫০ হাজার মানুষ পৌরসভার পানি ব্যবহার করে। বিশাল এই জনগোষ্ঠীর পানি সরবরাহের জন্য পৌরসভার ১২টি পাম্প স্টেশন রয়েছে। ১০৭ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে এসব পাম্প স্টেশন থেকে পানি সরবরাহ করা হয়। পানির লৌহ অপসারণের জন্য ১৯৯৮ সালে ৭০ লাখ টাকা ব্যয়ে শহরের মহিষের ডিপো এলাকায় একটি আয়রন রিমুভার প্ল্যান্ট (আইআরপি) স্থাপন করা হয়। ২০০৯ সালের শেষের দিকে এটি নষ্ট হয়ে যায়। এ কারণে তিন বছর ধরে লৌহ শোধন ছাড়াই পানি সরবরাহ করা হচ্ছে।পৌরসভার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ স্থানেই পানি সরবরাহের পাইপলাইন ও পয়োনিষ্কাশনের নালা পাশাপাশি রয়েছে। কিছু এলাকায় পয়োনিষ্কাশনের নালার মধ্য দিয়েই পানির পাইপলাইন বসানো রয়েছে। এসব লাইন দীর্ঘদিন মেরামত না করায় ও লৌহের আবরণ পড়ে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল গলে পয়োনিষ্কাশনের নালার বর্জ্য ঢুকে পড়ছে পানির পাইপে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পানি নিয়ে পৌরবাসীর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর পানি পরীক্ষার উদ্যোগ নেয়। পৌর এলাকার লাইব্রেরি বাজার, নূরপুর, রাধানগর, বিসিক শিল্প এলাকা ও আব্দুল হামিদ সড়কসহ কয়েকটি এলাকা থেকে পানি সংগ্রহ করা হয়। গত ১০ মে সংগ্রহ করা পানির সাতটি নমুনা পরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী গবেষণাগারে পাঠানো হয়। ১০ জুন ফল পাওয়া যায়।এতে দেখা যায়, সাতটি এলাকার মধ্যে ছয়টি জায়গার পানিতেই এক থেকে চার মাত্রায় ব্যাকটেরিয়া রয়েছে। আর লৌহের মাত্রা ১ দশমিক ৭৪ থেকে ২ দশমিক ১৪।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রোকৌশলী জামানুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের নিরীক্ষা অনুযায়ী, প্রতি লিটার পানিতে দশমিক শূন্য মাত্রায় ব্যকটেরিয়া এবং দশমিক এক মাত্রায় লৌহ মানবশরীরের জন্য সহনীয়। কিন্তু পাবনা পৌরসভার পানিতে সহনীয় মাত্রার অতিরিক্ত ব্যাকটেরিয়া ও লৌহ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর।পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা যায়, প্রতি মাসেই এ ওয়ার্ডে অনেক রোগী ভর্তি হয়। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এখান থেকে পাঁচ হাজার ৪৩৭ জন ডায়রিয়াজনিত রোগের চিকিৎসা নিয়েছে। এর প্রায় অর্ধেক রোগী পাবনা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।পাবনার সিভিল সার্জন তাহসিনা আজিজ প্রথম আলোকে জানান, সাধারণত দূষিত ও ময়লা পানির কারণেই ডায়রিয়া দেখা দেয়। অন্যদিকে, পানিতে সহনীয় মাত্রার অতিরিক্ত ব্যাকটেরিয়া ও লৌহ থাকলে ডায়রিয়ার পাশাপাশি জন্ডিস ও নানা ধরনের চর্মরোগ হতে পারে। সে ক্ষেত্রে সরবরাহ করা পানি শোধন করে বা ফুটিয়ে সেবন করা নিরাপদ।পৌরসভার পানি সরবরাহ শাখার দায়িত্বরত সহকারী প্রকৌশলী আতাউর রহমান দাবি করেন, ইতিপূর্বে বহুবার পৌরসভার পানি পরীক্ষা করা হয়েছে। কখনোই ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তবে সহনীয় মাত্রায় লৌহ রয়েছে। আয়রন রিমুভার প্ল্যান্টের একটি মেশিন নষ্ট রয়েছে। নতুন মেশিন প্রতিস্থাপন করতে প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। অর্থাভাবে তা সম্ভব হচ্ছিল না। শিগগির সেটি ঠিক করা হবে।