পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ কর্মচারীরা গতকাল বুধবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিসাব সহকারী এ বি এম আতিকুর রহমান। এ সময় কম্পিউটার অপারেটর জহুরুল ইসলাম, সোহাগ হোসেন, হারুন অর রশিদ, হিসাবরক্ষক বজলুর রহমান ও সুপার ভাইজার তৌফিকুর রহমানসহ ৬১ জন কর্মচারী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, তাঁরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান ও প্রক্টরিয়াল বডি পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. মাসুদ রানাকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। কিন্তু উপাচার্য তাঁদের দাবি না মেনে উল্টো ডেকে নিয়ে কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেন। ফলে কর্মচারীরা উপাচার্যের ব্যবহারে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এতে কর্মচারীরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।