পাবনা বিএডিসিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া মজুরি ও নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল দুপুরে পাবনা জেলা সদরের টেবুনিয়ায় বিএডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো
বকেয়া মজুরি ও নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল দুপুরে পাবনা জেলা সদরের টেবুনিয়ায় বিএডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকেরা l ছবি: প্রথম আলো

পাবনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) শ্রমিকেরা বকেয়া মজুরি ও নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল রোববার দুপুরে জেলা সদরের টেবুনিয়ায় বিএডিসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাবনায় বিএডিসি কার্যালয়ের বিভিন্ন ইউনিটের শ্রমিকেরা কার্যালয়ের সামনে সমবেত হন। প্রথমে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে শ্রমিকেরা নিজেদের দাবি-সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। মিছিল শেষে তাঁরা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। বক্তারা বলেন, চলতি বছরের ২৪ মে অর্থ মন্ত্রণালয় শ্রমিকদের মজুরি দৈনিক ২৬০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করেছে। এ হারে মজুরি দেওয়াও হচ্ছিল। কিন্তু দুই মাস ধরে শ্রমিকদের মজুরি বন্ধ রয়েছে। এতে প্রায় ৭০০ শ্রমিককে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।
বিএডিসির পাবনা কার্যালয়ের যুগ্ম পরিচালক আবদুল হালিম বলেন, অর্থ মন্ত্রণালয় শ্রমিকদের মজুরি বাড়ালেও কৃষি মন্ত্রণালয় এখনো বর্ধিত মজুরি অনুমোদন করেনি। বিএডিসি অনুমোদন চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেছে। অনুমোদন পেলেই বকেয়াসহ শ্রমিকদের সব মজুরি দেওয়া হবে।