পাবনা বিএনপির এক পক্ষের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে দলের বিদ্রোহী পক্ষ। নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন ও কমিটির সব কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এ পক্ষের নেতারা।গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা এসব ঘোষণা দেন। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিদ্রোহী পক্ষের নেতা ফেরদৌস মঞ্জু জানান, নতুন কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে গণবিচ্ছিন্ন ব্যক্তিদের রাখা হয়েছে। এতে আরও বলা হয়, কমিটিতে ৩০ জনই রাজনৈতিক আনুগত্য পরিবর্তনকারী শিমুল বিশ্বাসের অনুসারী। এ ছাড়া পৌর এলাকার একটি মহল্লার ১০ জন ও আরেকটি মহল্লার ১৫ জন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে শিমুল বিশ্বাসসহ তাঁর তিন ভাই ও একাধিক ভাতিজাকে রেখে পারিবারিকীকরণ করা হয়েছে। সর্বশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক আহসান আহম্মেদ বলেন, ‘কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই কমিটি কোনো কার্যক্রম চালাতে চাইলে তা-ও প্রতিহত করা হবে।’ সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সর্বশেষ বিলুপ্ত কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল আলীম, সদস্য ও সদর উপজেলার মলঞ্চি ইউপি চেয়ারম্যান আলী রেজা খান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাকসুদুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি মোশারফ হোসেন ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোন্তাজ উদ্দিন খানসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মূলধারার বাইরে কোনো রাজনীতি হয় না। অতীতে কে কোন দলে ছিলেন, এটা বলা অর্থহীন। নবগঠিত কমিটি একটি পরিচ্ছন্ন কমিটি। এর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।