পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ ১৮ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। ছুটির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মচারীরা প্রশাসন ভবন ঘেরাও করেন। পরে তাঁরা ভবনের সামনে মানববন্ধন শুরু করলে পুলিশ বাধা দেয়। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা এসে প্রশাসন ভবন ঘেরাও এবং ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যকে অবরোধ করে রাখেন। এরপর তাঁরা ভবনের সামনের সড়ক অবরোধ করে সেখানে মানববন্ধন করেন। এ সময় পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এসে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বেলা একটার দিকে পুলিশ গিয়ে ভবনের তালা খুলে দেয়।উপাচার্য মোজাফফর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এসব বিষয়ে জানতে উপাচার্য মোজাফফর হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন ধরেননি।তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে ওই সব অভিযোগ মিথ্যা।