পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮৮০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৭৭৮ পরীক্ষার্থী। এই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৩ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ২০টি বিভাগে মোট ৮৮০ শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৩ ডিসেম্বর তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিট পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, ‘বি’ ইউনিট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, ‘এ’-১ ইউনিট বিকেল সাড়ে ৩ থেকে সাড়ে ৪টা পর্যন্ত এবং ‘এ’-২ ইউনিট বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। বিজ্ঞান অনুষদের অধীনে গণিত, পদার্থ, ফার্মেসি, রসায়ন ও পরিসংখ্যান বিভাগ। বিজনেস স্টাডিজ অনুষদে ব্যবসায় প্রশাসন বিভাগ।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ ও লোকপ্রশাসন বিভাগ। জীব ও ভূবিজ্ঞান অনুষদের অধীনে ভূগোল ও পরিবেশ বিভাগ অন্তর্ভুক্ত থাকবে।

জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘এ’-১ ও ‘এ’-২ ইউনিটে ২৭০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৮৫৩ জন, বিজ্ঞান জীব ও ভূবিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ২৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ১৪ হাজার ৬৩৬ জন এবং বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ২৮৯ জন প্রার্থী। আবেদন অনুযায়ী প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৩ প্রার্থী।

ফারুক হোসেন চৌধুরী বলেন, পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।