পাবনা মেডিকেলের ছাত্র নিখোঁজ
পাবনা মেডিকেল কলেজের ছাত্র লুৎফর রহমান ওরফে রাহী (২২) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কলেজের ছাত্রাবাসের সুপার সিরাজুল ইসলাম গত বুধবার দুপুরে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
লুৎফর রহমান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার রসুলপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে। আরিফুর রহমান সাভারের ব্যাংক টাউন এলাকায় থাকেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, থানায় জিডি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিডি সূত্র ও নিখোঁজ ছাত্রের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লুৎফর রহমান পাবনা মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকতেন। গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কলেজে অ্যানাটমি (হার্ড পার্ট) পরীক্ষা ছিল। তিনি সকাল সাতটার দিকে ছাত্রাবাস থেকে পরীক্ষা দেওয়ার জন্য বের হন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।
আরিফুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজের খবরটি জানার পরই আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, কিন্তু কোনো হদিস পাচ্ছি না। আমাদের কাছে কোনো ফোনও আসেনি।’ তিনি জানান, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলেও জানা নেই।
লুৎফর রহমানের রুমমেট শাজাহান এস সোয়েব বলেন, হোস্টেলসহ কলেজের আশপাশে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর কোনো শত্রু থাকতে পারে বলেও জানা নেই।