পাবনা রাজবাড়ী ও চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ১২ জন গ্রেপ্তার
রাজবাড়ীর সদর উপজেলা, পাবনার আতাইকুলা ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে গত বুধ ও বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহীন শেখ ওরফে পিচ্চি শাহীন (২৫), মাহফুজ (২৪) ও ওহাব আলী খান। তাঁদের বাড়ি যথাক্রমে রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর, বেড়াডাঙ্গা ও ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায়। পাবনায় গ্রেপ্তার হন মো. আলম ওরফে পাগলা আলম। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের সহকারী পরিচালক আমজাদ হোসাইন জানান, খানখানাপুর বাজারের পাশে ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় চরমপন্থী দলের সদস্যদের গোপন বৈঠক করার খবর পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা সেখানে অভিযান চালান।পাবনা: আতাইকুলা থানা এলাকার কুচিয়ামাড়া গ্রাম থেকে বুধবার দিবাগত রাতে মো. আলমকে তাঁরা গ্রেপ্তার করে র্যাব। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কুচিয়ামাড়া গ্রামের মো. আবদুর রাজ্জাকের বাড়ির পাশে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা: র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত আটটার সময় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে আটক করেছে। আটক হওয়া ডাকাতেরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের রবিউল ইসলাম (৩৪), তোতা মিয়া (৪০), জিহাদ (২৫), নেছার উদ্দিন (৪৫), ছোট রাহা (৪০), মফিজুল ইসলাম (৪০) এবং পার্শ্ববর্তী দক্ষিণ রামনগর গ্রামের শামসুজ্জামান (৪৫) ও যশোর চৌগাছা উপজেলার যাদবপুর গ্রামের ফজলুর রহমান (২২)।