পাবনা শহর এখন সিসি ক্যামেরার নজরদারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরে অপরাধ নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের শনাক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের ৩২টি গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে নিজস্ব উদ্যোগেও শহরের বিভিন্ন স্থানে ক্যামেরা বসাচ্ছেন ব্যবসায়ীরা। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এসব ক্যামেরা বসানো হলেও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন শহরবাসী। তাই ক্যামেরাগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শহরের বেশ কিছু পয়েন্টে মাদকের ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা রয়েছে। ছিনতাইসহ বিভিন্ন বিপণিবিতান, রাস্তার মোড়ে বখাটেপনা হয়। এ ছাড়া দেশব্যাপী জঙ্গি তৎপরতাসহ সম্প্রতি জেলা সদরের হিমাইতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রর আশ্রমে একজন সেবায়েতকে কুপিয়ে হত্যার ঘটনায় শহরে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানে ক্যামেরা বসাতে প্রতিষ্ঠানের মালিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ আহ্বানে সাড়া দিয়ে পুলিশের বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে বেশ কিছু সিসি ক্যামেরা বসিয়েছে। এতে পুরো শহর সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে এসেছে। অপরাধপ্রবণতা কমেছে, বেড়েছে নিরাপত্তা।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, শহরের থানা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ ৩২টি পয়েন্টে ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা মনিটর করা হচ্ছে। সংরক্ষণ করা হচ্ছে ভিডিও চিত্র। সরেজমিনে শহরের বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন মোড়ে বিদ্যুতের খুঁটি ও ভবনের কোনায় বসানো হয়েছে ক্যামেরাগুলো। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও কিছু প্রতিষ্ঠানের প্রধান ফটকে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এদিকে যেখানে-সেখানে সিসি ক্যামেরা বসানোয় শহরের অনেক বাসিন্দাই ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা বিষয়টি শহরবাসীকে অবগত করাসহ ক্যামেরাগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব-উল-আলম বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্যামেরা বসানোর আহ্বান জানানো হয়েছে। তাই ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসাচ্ছেন।

শিক্ষক শিবজিদ নাগ বলেন, সিসি ক্যামেরা শুধু বসালেই হবে না, সেগুলো রক্ষণাবেক্ষণ ও তদারকির ব্যবস্থা থাকতে হবে। সেই সঙ্গে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা যেন নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে।’