পাবনা সদর থানার ওসিকে প্রত্যাহার
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকারকে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পাবনার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক তাণ্ডব চালান। গত ২৩ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়ি নামক স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর, মহেন্দ্রপুর, পুষ্পপাড়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা পাবনা টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরসহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেন। কিন্তু এসব ঘটনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার কোনো ভূমিকা না রাখায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, অন্য কোনো কারণ নয়, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রত্যাহার করা হয়েছে।