একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পরে তাঁর নিজ এলাকা পাবনার সাঁথিয়ায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। আর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, এটা কলঙ্কমুক্তির রায়।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর প্রথম আলোকে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী পরিবারের একজন হিসেবে আমি মনে করি, যেকোনো জাতির জন্য এটি একটি ঐতিহাসিক কলঙ্কমুক্তির রায়। এই রায় শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে মানবতাবিরোধী অপরাধীদের কাছে একটা নজির হয়ে থাকবে।’
শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর বলেন, ‘রায়ের পর মনে হচ্ছে, দায়মুক্তির দিকে আরও এগোলাম। এই বিচারপ্রক্রিয়ার প্রতি অনেক আস্থা বাড়ছে। নিজামী মূল হোতা ছিলেন। তবে এর বাইরেও যাঁরা পলাতক যুদ্ধাপরাধী রয়েছেন, তাঁদের ফিরিয়ে এনে বিচার করা হোক। এ ছাড়া আশা করতে চাই, দল হিসেবে জামায়াতের বিচারও হবে।’
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ক্র্যাক প্লাটুনের সর্বকনিষ্ঠ সদস্য শহীদ বকরের (শহীদ মোহাম্মদ আবু বকর) জন্মদিন। এই দিনে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে। এত হতাশা, এত কিছুর মধ্যেও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এটা একটা বড় প্রাপ্তি।’
এদিকে প্রথম আলোর বেড়া (পাবনা) প্রতিনিধি জানিয়েছেন, রায়ের পরে নিজামীর নিজ এলাকা সাঁথিয়া উপজেলায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। মতিউর রহমান নিজামীর বাড়ি সাঁথিয়া উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে, মন্মথপুর গ্রামে। রায়ের পরে বেড়া ও সাঁথিয়ার শহীদ পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে।
নিজামীর বিরুদ্ধে সপ্তম অভিযোগ ছিল, একাত্তরের ৩ নভেম্বর তাঁর দেওয়া তথ্য অনুসারে বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের সোহরাব আলীকে পাকিস্তানি সেনারা আটক ও হত্যা করে। এই অভিযোগে ট্রাইব্যুনাল নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মামলার সাক্ষী ছিলেন সোহরাব আলীর ছোট ছেলে আমিনুল ইসলাম। গতকাল তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হয়েছে। রায়ে আমরা খুশি হয়েছি, বাস্তবায়নের পর আরও খুশি হব।’
গতকাল রিভিউর রায় ঘোষণার সংবাদ পাওয়ার পরপরই ছাত্রলীগ ও যুবলীগ সাঁথিয়া উপজেলায় আনন্দমিছিল বের করে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সাঁথিয়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
নিজামীর নির্বাচনী এলাকা ও নিজ উপজেলা হওয়ায় সাঁথিয়ায় জামায়াতের জোরালো অবস্থান রয়েছে। সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, রিভিউ আবেদনের রায় সামনে রেখে প্রায় এক মাস ধরে সাঁথিয়া থানা-পুলিশ জামায়াত-শিবিরের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া রায়ের দিন গতকাল সাঁথিয়া ও বেড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পাবনা অফিস জানিয়েছে, নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রথমে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দমিছিল বের করেন। এ সময় মিছিলে স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আবদুল বাতেন বলেন, ‘নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় আমরা খুশি। আমরা অবিলম্বে রায়ের বাস্তবায়ন চাই।’
সিপিবি-জাসদের প্রতিক্রিয়া: নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল এক বিবৃতিতে রায় দ্রুত কার্যকর এবং অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানায় দলটি।
এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।