পাবনা হবিগঞ্জ রাঙামাটিতে অবরোধ, ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর পৌরসভার নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে গতকাল রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকেরা। একই অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আর রাঙামাটিতে গতকাল সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

পৌর নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ ও পুনর্নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের পরাজিত মেয়র পদপ্রার্থী রাকিব হাসানের অনুসারী ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ গতকাল দুপুরে পাবনা নগরের টার্মিনাল এলাকায় অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ l প্রথম আলো
পৌর নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ ও পুনর্নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের পরাজিত মেয়র পদপ্রার্থী রাকিব হাসানের অনুসারী ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ গতকাল দুপুরে পাবনা নগরের টার্মিনাল এলাকায় অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ l প্রথম আলো

পাবনা: আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের কর্মী-সমর্থকেরা গতকাল দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনা-ঢাকা ও পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এ সময় টায়ার জ্বালিয়ে ও মহাসড়ক আটকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবরোধ করার পর বেলা আড়াইটার দিকে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে নির্বাচন পরিচালনায় স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে এর আগের দিন শনিবার তাঁরা শহরের আবদুল হামিদ সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
গতকাল অবরোধ চলাকালে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী রাকিব হাসান বলেন, ‘কোটি কোটি টাকার বিনিময়ে জেলা প্রশাসন ও পুলিশ পক্ষপাতিত্বের নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থীকে জিতিয়ে নিয়েছে। ফলে এই নির্বাচন আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা না করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।’
এদিকে, সদর পৌরসভাসহ পাবনার সাতটি পৌরসভারই ফলাফল প্রত্যাখ্যান করে শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। লিখিত বক্তব্যে সদর পৌরসভার বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম দাবি করেন, স্থানীয় প্রশাসন আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়। এ জন্য বিএনপি প্রার্থীদের ভোট কমে গেছে। এ ছাড়া, ভোট গণনায় বিএনপি প্রার্থীদের কম ভোট দেখানো হয়েছে। এসব কারণে পাবনা সদরসহ সাত পৌরসভার ফলাফল প্রত্যাখ্যান করছে বিএনপি।

এ ছাড়া জেলার চাটমোহর পৌরসভা নির্বাচনকে প্রহসনের ও নীলনকশার নির্বাচন উল্লেখ করে এর ফলাফল প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনিও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ‘ভোট কারচুপির’ প্রতিবাদ ও পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা অবরোধের সময় গতকাল দুপুরে শহরের বনরূপা পেট্রলপাম্প এলাকার দৃশ্য l প্রথম আলো
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ‘ভোট কারচুপির’ প্রতিবাদ ও পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা অবরোধের সময় গতকাল দুপুরে শহরের বনরূপা পেট্রলপাম্প এলাকার দৃশ্য l প্রথম আলো

হবিগঞ্জ: পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ইউএনও কার্যালয় ঘেরাও করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রলীগের কর্মীরা। দুপুরে শহরে জুতামিছিল বের করেন উপজেলা ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী। মিছিলকারীরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরি‌স্থিতি শান্ত হয়।
রাঙামাটি: নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে রাঙামাটি জেলায় গতকাল সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বিকেল চারটায় জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা রাঙামাটি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, বহিরাগত লোক এনে ভোট ডাকাতির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়া রাঙামাটির জন্য নজিরবিহীন ঘটনা। অতীতে কোনো নির্বাচনে এ ধরনের ঘটনা ঘটেনি। সরকারি দল নির্বাচনে জয়লাভ করেছে বলে প্রশাসন ঘোষণা করলেও পৌরবাসী তা মানবে না।