পাবনায় অবাধে বিক্রি হচ্ছে ভেজাল ও মেয়াদহীনখাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বিভিন্ন হাটবাজারে অবাধে নিম্নমানের ভেজাল ও মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি বিএসটিআইসহ সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোদন ছাড়াই নিম্নমানের এসব খাদ্যপণ্য বাজারজাত করছে; যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে নতুন একটি সরকারি দপ্তর পাবনায় কার্যক্রম শুরুর পর গত এক মাসে ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদহীন পণ্য বিক্রি করার অভিযোগে ১২টি প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী খান বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার খেলে ডায়রিয়া, আমাশয় হতে পারে এবং যকৃতের কার্যক্ষমতা কমতে পারে। দীর্ঘদিন ধরে ভেজাল খাবার খেলে অন্ত্রে ক্যানসারও হতে পারে। এ ছাড়া শিশুদের দাঁতের ক্ষতি, পেটব্যথা, কৃমি সংক্রমণসহ বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, বাজারে অবাধে নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। গত এক মাসে প্রতিষ্ঠানটি জেলার বিভিন্ন এলাকায় পাঁচটি অভিযান চালিয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যে ক্ষতিকর রং মিশ্রণ ও মোড়কে পণ্যের মেয়াদ উল্লেখ না করাসহ বিভিন্ন অভিযোগে নিউ আঁখি আইসক্রিম, পলি আইসক্রিম, বনলতা সুইটস অ্যান্ড বেকারি, রাজ বিরিয়ানি হাউস, পাঞ্জাব চানাচুর, মোহাম্মদ অ্যান্ড কোম্পানি, হাসিনা ব্রেড অ্যান্ড বিস্কুট, আলিয়া ফুড, আজাদ বেকারি, মডার্ন ব্রেড অ্যান্ড বিস্কুট, বাবলী বেকারি ও মৌবন সুইটস অ্যান্ড বেকারি নামের ১২টি প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

সরেজমিনে জেলা শহর ও জেলার সবগুলো উপজেলা সদরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক গ্রামে ও পাড়া-মহল্লার মোড়ে মোড়ে রয়েছে মনিহারি পণ্যের দোকান। শত শত দোকানে রয়েছে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানির চকলেট, চাটনি, রুটি, বিস্কুট, চানাচুর, কেক, কোমল পানীয়সহ বেকারি ও প্যাকেটজাত খাদ্যপণ্য। এগুলোর অধিকাংশের মোড়কে বিএসটিআইয়ের সিল, উৎপাদন ও মেয়াদের তারিখ নেই। বেশ কিছু খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামও নেই। নামীদামি কয়েকটি প্রতিষ্ঠানের মোড়ক নকল করে নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাত করা হয়েছে। 

সুজানগর বাজারের কয়েকজন দোকানমালিক জানান, জেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রতিষ্ঠান খুলে কিছু লোক এসব খাদ্যপণ্য তৈরি করে তা বাজারজাত করছে। এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। এসব খাদ্যপণ্য মানসম্মতও নয়। তবে গ্রামের অনেক সাধারণ মানুষ খাবারের মান বোঝে না। তারা কম দামে সুস্বাদু খাবার পেলেই কিনে খায়। অন্যদিকে এসব পণ্যে বেশি লাভ হওয়ায় দোকানমালিকেরাও তা বিক্রি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আমরা পাবনায় সবেমাত্র কার্যক্রম শুরু করেছি। এখনো গ্রামপর্যায়ে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এখন থেকে আমরা নিয়মিত শহর-গ্রাম সব জায়গায়ই অভিযান অব্যাহত রাখব।’

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ভেজাল রোধে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। ইদানীং হরতালসহ বিভিন্ন কারণে পুলিশ না পাওয়ায় অভিযান চালাতে সমস্যা হচ্ছে। তবে সুযোগ পেলেই অভিযান চালানো হচ্ছে।’