পাবনায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৮)। তিনি উপজেলার ফৈলজানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি ইউনিয়নের নেংড়ী গ্রামে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও পুলিশের ভাষ্য, গরমের কারণে রাতে নিজের ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন ফারুক। রাত দুইটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা ওই খোলা জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।’