পাবনায় কবি মজিদ মাহমুদকে সংবর্ধনা
৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন প্রজন্মের কবি ও সাহিত্যিক মজিদ মাহমুদকে সংবর্ধনা দিয়েছে পাবনা সাংস্কৃতিক পরিষদ। পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিক ও সাংবাদিকেরা অংশ নেন।
পাবনা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নুরুল হুদা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম বেঞ্জামিন রিয়াজী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোল্লা মাহমুদ হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তসলিম হাসান, প্রবীণ সাংবাদিক কলামিস্ট রণেশ মৈত্র প্রমুখ।
১৯৬৬ সালের ১৬ এপ্রিল কবি মজিদ মাহমুদ পাবনার চরগড়গড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোহাম্মদ কেরামত আলী বিশ্বাস, মা সানোয়ারা বেগম। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। ১৯৮৫ সালে তাঁর প্রথম বই বৌটুবানী ফুলের দেশে প্রকাশিত হয়। পরের বছর প্রকাশিত হয় গল্পগ্রন্থ মাকড়সা ও রজনীগন্ধা (১৯৮৬)। ১৯৮৯ সালে প্রথম কাব্যগ্রন্থ মাহফুজামঙ্গল প্রকাশের পর তিনি পাঠকের দৃষ্টি কাড়েন। মজিদ মাহমুদের নিজস্ব ভুবন কবিতা হলেও মননশীল প্রবন্ধ ও গবেষণাকর্মে খ্যাতি রয়েছে।