পাবনায় গণপিটুনিতে দুজন নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামে গতকাল রোববার দিবাগত মধ্যরাতে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দুজন চরমপন্থী দল ‘জনযুদ্ধ বাহিনী’র সদস্য। তাঁদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বিপ্লব হোসেন (২৩)। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার ডহরজানী গ্রামে।
বিলচাপড়ি গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, এই সন্ত্রাসী বাহিনী প্রায়ই বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করে। গ্রামের লোকজন তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। গতকাল রাতে ডাকাতির উদ্দেশে পাঁচ-ছয়জন সন্ত্রাসী রাত ১২টার দিকে বিলচাপড়ি গ্রামের ননী গোপালের বাড়ির সামনে গিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকাবাসী এক হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। অন্যরা পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদের ভাষ্যমতে, নিহত দুজন চরমপন্থী দল ‘জনযুদ্ধ বাহিনী’র সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।