পাবনায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গি গ্রামে গতকাল শনিবার ভোরে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ বলছে, গরু চুরির সময় গ্রামবাসী তাঁদের ধাওয়া করে ধরে পিটুনি দিয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম শহিদুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বেলতলা গ্রামে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন সিংড়ার ইয়ারুল ইসলাম (৩৫), দিনাজপুরের ফরমান আলী (৩৬) ও নওগাঁর বাবলু হোসেন (৩৫)। তাঁদের পুলিশ প্রহরায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রামের ১৫-১৬ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্রামটিতে গরু চুরির ঘটনা ঘটছিল। সংঘবদ্ধ চোরের দল গ্রাম থেকে গরু চুরি করে মহাসড়কে এসে ট্রাকযোগে পালিয়ে যেত। ঘটনার দিন রাতে ১০-১২ জনের একদল চোর গ্রামে ঢুকে চুরির প্রক্রিয়া শুরু করে। তাঁরা সোবহান আলী ও আজিজ সরদারের বাড়ির গোয়ালঘরের খড়ের বেড়া কেটে পাঁচটি গরু বের করে। গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে একে অপরকে মুঠোফোনে বিষয়টি জানান। ভোর চারটার দিকে মসজিদের মাইকে গ্রামে গরু চোর ঢুকছে বলে জানানো হয়। এ সময় চারপাশ থেকে গ্রামবাসী ‘চোর চোর’ বলে ধাওয়া শুরু করে। অবস্থা বেগতিক দেখে চোর চক্রটি দিগ্বিদিক ছুটতে থাকে। তারা গ্রামের পার্শ্ববর্তী পাবনা-ঢাকা মহাসড়ক পার হয়ে একটি খালি ফসলের মাঠে ঢুকে পড়ে। গ্রামবাসী প্রথমে সেখান থেকে তিনজনকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে আতাইকুলা থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে আহত একজনকে উদ্ধার করে। এরপর সকাল পর্যন্ত গ্রামবাসী অন্যদের ধরতে তল্লাশি শুরু করে। সকাল নয়টার দিকে মাঠে ধানের জমিতে লুকিয়ে থাকা অন্য দুজন বের হয়ে চড়াডাঙ্গি গ্রাম দিয়ে পালানোর চেষ্টা করলে ক্ষিপ্ত গ্রামবাসী তাঁদেরও ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এ দুজনকেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহতদের খোঁজে কেউ থানায় আসেনি। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’