পাবনায় ট্রাকচাপায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলায় রসুনবোঝাই একটি ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত নছিমনের চার যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। উপজেলার কাশিনাথপুর মোড়ের আহম্মদপুর টেম্পো গ্যারেজ এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন আহম্মদপুর গ্রামের রানা (৩৮), আহসান (১৭) ও রুনা খাতুন (১৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল নয়টার দিকে পাবনা থেকে রসুনবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। সুজানগর উপজেলার কাশিনাথপুর মোড়ের আহম্মদপুর টেম্পো গ্যারেজ এলাকায় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি থেমে থাকা ইঞ্জিনচালিত নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের কাজ চলছে। ট্রাকটির চালক ও তাঁর সহকারী পালিয়েছেন।