পাবনায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে গত শনিবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। পুলিশ ও গ্রামবাসীর দাবি, নিহত যুবকেরা ডাকাতির উদ্দেশ্যে গ্রামে ঢুকলে তাঁদের ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলে তাঁরা মারা যান।
নিহত যুবকেরা হলেন উপজেলা সদরের থানাপাড়া মহল্লার মিলন হোসেন (২৭), জয়নাল মণ্ডল (২৬) ও বেড় হাউলিয়া গ্রামের ঝালু হোসেন (৩০)। তাঁদের মধ্যে মিলন ও জয়নাল ডাকাত ছিলেন না বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা।
গত বছরের ২৯ নভেম্বর ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের কালিয়ান গ্রামে একইভাবে চারজনকে পিটিয়ে হত্যা করা হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হাদল ইউনিয়নের অধিকাংশ গ্রামই চরমপন্থী অধ্যুষিত। চরমপন্থীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন ধরে তাঁরা রাতে গ্রাম পাহারা দিচ্ছিলেন। শনিবার রাত দুইটার দিকে ছয়-সাতজন যুবক একটি ইঞ্জিনচালিত করিমন নিয়ে দ্রুতগতিতে হাদল গ্রামে ঢোকেন। এ সময় থামতে বলা হলে তাঁরা দেশীয় অস্ত্র দেখান। গ্রামের কয়েকজন মসজিদের মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করেন এবং গ্রামবাসীকে ঘর থেকে বেরিয়ে আসতে বলেন। গ্রামবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই ফরিদপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকদের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন প্রথম আলোকে জানান, নিহত যুবকেরা সবাই নেশাখোর। তাঁরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রামবাসী আতঙ্কিত হয়ে তাঁদের পিটুনি দিয়েছেন।
তিনজনের মৃত্যুর ঘটনায় হাদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার মনসুর হোসেন হত্যা মামলা করেছেন।
নিহত জয়নালের বাবা বাবু মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমর ছাওয়াল ডাকাত ছিল না। করিমন চালায়ে জীবন চালাত। সে ভাড়া নিয়ে ওই গ্রামে গেছিল।’
মিলনের বড় বোন রত্না খাতুন বলেন, তাঁর ভাই ডাকাত ছিলেন না। তবে তিনি নেশা করতেন। শনিবার রাত নয়টার দিকে মধু নামের এক ছেলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁরা মিলনের মৃত্যুর সংবাদ পান।
যোগাযোগ করা হলে পাবনা জেলা জজ আদালতের আইনজীবী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। অপরাধী যত বড়ই হোক তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত।