পাবনায় তেল সরবরাহ বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গতকাল মঙ্গলবার থেকে পাবনার পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন তেলবাহী একটি ট্যাংকলরি সাঁথিয়া থানায় আটকে রাখার প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর সাঁথিয়ার তলট এলাকায় শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ঘরে ঢুকে পড়ে। এতে নজরুল ইসলাম নামের এক শিক্ষক নিহত ও পাঁচজন আহত হন। ঘটনার পর পুলিশ থানায় মামলা দায়ের করে ও ট্যাংকলরি জব্ধ করে থানায় নিয়ে যায়। সেটি এখনো থানায় রয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (বাঘাবাড়ী) সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, দুর্ঘটনা ঘটলে দুই-চার দিনের মধ্যেই গাড়ি ছাড়া পায়। অথচ প্রায় দেড় মাস হলো ট্যাংকলরিটি থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর নিহত ব্যক্তির পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ট্যাংকলরির চালকও আদালত থেকে জামিন পেয়েছেন। পুলিশ নানা টালবাহানা করে ট্যাংকলরিটি থানায় রেখেছে। পুলিশের কাছে এ ব্যাপারে বারবার যাওয়া সত্ত্বেও তারা গাড়িটি ছাড়ছে না। গাড়িটি থানা থেকে না ছাড়া পর্যন্ত ট্যাংকলরির মাধ্যমে পাবনার কোনো পেট্রলপাম্পে তেল সরবরাহ করা হবে না।
পাবনা জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি ফারুক হোসেন জানান, গত সোমবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ফোন করে জানান, তাঁরা আজ (গতকাল মঙ্গলবার) বেলা দুইটা পর্যন্ত জেলায় তেল সরবরাহ বন্ধ রাখবেন। গতকাল দুপুরের পর জানা গেল, তাঁরা অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি জানার পর তিনি জেলা প্রশাসককে না পেয়ে এডিএম ও পুলিশ সুপারকে জানিয়েছেন।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার ব্যাপারে মামলা হওয়ায় ট্যাংকলরিটি আদালতের আদেশ না পেয়ে ছাড়া যাচ্ছে না। আদালতের আদেশ পাওয়া মাত্রই গাড়িটি ছেড়ে দেওয়া হবে।