পাবনায় দুই দল গ্রামবাসীর সংষর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার বন্যকান্দি গ্রামে গতকাল শনিবার দুপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতজনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একনলা বন্দুক জব্দ করেছে।

এলাকাবাসীর কয়েকজন জানান, বেলা দুইটার দিকে গ্রামের পাশের মাঠ থেকে চাঁদ আলী ও ইবাদ আলী নামের দুই ব্যক্তি ধান কেটে মহিষের গাড়িতে করে বাড়িতে আনছিলেন। এ সময় রেজাউল ইসলাম ও শাহ আলমের জমির কিছু ধান মহিষের গাড়ির চাকায় পিষ্ট হয়। এতে রেজাউল ও আলম প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে মকবুল হোসেন, দীপু হোসেন, শাহ আলম, মাসুম, চায়না বেগম, শিল্পী খাতুন ও বাচ্চু হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং রেজাউল ইসলাম ও শহিদুল ইসলামকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ইবাদ আলী ও চাঁদ আলীর দুটি লাইসেন্স করা বন্দুক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।