পাবনায় নিখোঁজ নারীর মৃতদেহ ঢাকায় উদ্ধার
এক মাস আগে পাবনা থেকে নিখোঁজ হন রওশন জাহান ওরফে সাথী (২৮) নামের এক নারী। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্বজনেরা।
স্বজনেরা প্রথম আলোকে বলেন, মিরপুর দিয়াবাড়ী এলাকায় রওশন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর পেয়ে তাঁরা ঢাকা মেডিকেলে আসেন। বেলা দুইটার দিকে হাসপাতালে মারা যান রওশন।
পারিবারিক সূত্র জানায়, রওশনের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর থানার বোয়ালমারী এলাকায়। তাঁর স্বামী সুলতান মাহমুদ মালয়েশিয়া প্রবাসী। দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।
রওশনের ছোট ভাই মহব্বত জান প্রথম আলোকে বলেন, তাঁর বোনের মানসিক সমস্যা ছিল। গত ১৭ জুলাই শ্বশুরবাড়ি পাবনার ধামুরা থানার নূরনগর গ্রামে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। চাটমোহর থানায় এ নিয়ে গত ২৩ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মহব্বত বলেন, তিনি রাজধানীর মধ্য বাড্ডায় থাকেন। গতকাল দুপুরে এক ব্যক্তি তাঁর বাবা শাহজাহান আলীকে ফোন করে জানান, সড়ক দুর্ঘটনায় রওশন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে গিয়ে রওশনকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক রওশনকে মৃত ঘোষণা করেন।
মহব্বত জানান, কয়েকজন ব্যক্তি রওশনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। মৃত্যুর আগে তাঁদেরকে বাবার মুঠোফোন নম্বর দেন রওশন। ওই ব্যক্তিরা জানিয়েছেন, মিরপুর দিয়াবাড়ী এলাকায় একটি বাস রওশনকে চাপা দেয়।
যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার কোনো সংবাদ তিনি পাননি। একই উত্তর দেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।