পাবনায় নৌকাডুবি একজন নিখোঁজ রেখেই উদ্ধার কাজ সমাপ্ত
উপবৃত্তির টাকা তুলতে গিয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পাঁচ শিক্ষার্থীর মধ্যে রহিমা খাতুনকে (১০) এখনো পাওয়া না গেলেও গত বুধবার রাতে উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে। উদ্ধার চারজনের মৃতদেহের দাফন বুধবার সম্পন্ন করেছেন পরিবারের সদস্যরা।
উদ্ধারকাজে নিয়োজিত পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজের লাশ নদীর প্রবল স্রোতে ভেসে গেছে। তাই টানা তিন দিন পর বুধবার রাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী সোমবার সকালে উপবৃত্তির টাকা আনতে নৌকাযোগে পার্শ্ববর্তী কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। মাঝনদীতে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয় শিক্ষার্থী জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ হয়। পরদিন ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেন।:n: